ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মাদ্রাসায় খাবার খেয়েই বমি, ছাত্রের মৃত্যু

ads

লক্ষ্মীপুরের রায়পুরে মাদরাসায় খাবার খেয়ে বমি করে মাটিতে পড়ে যায় মো. মুন্না (১৩)। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাদরাসার সুপার মোজাম্মেল হোসেনকে আটক করেছে পুলিশ।


বুধবার রাত ১১টা পর্যন্ত থানায় এ বিষয়ে কোনো মামলা বা লিখিত অভিযোগ করা হয়নি।


পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


মুন্না কেরোয়া এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের ছেলে।

 

মুন্নার মা মমতাজ বেগম দাবি করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। তবে কেন তাকে হত্যা করা হয়েছে, তা বলতে পারেননি তিনি।


স্থানীয়রা জানান, রায়পুর পৌরসভার ল্যাংড়া বাজার পশ্চিম কেরোয়া এলাকার আফিয়া হারুন নূরানি হাফিজিয়া মাদরাসায় দুপুরের খাবার খায় মুন্না। পরে বমি করে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের পরিবার সূত্র জানায়, মুন্না স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত। করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় তাকে কোরআন শিক্ষার জন্য গত বছরের আগস্টে মাদরাসায় ভর্তি করা হয়। সেখানে সে দুপুরের খাবার খেতো।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, শিশুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। হাসপাতালে আনার আগেই সে মারা যায়। কি কারণে মারা গেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেননি এই চিকিৎসক।


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, কী কারণে শিশুর মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসা সুপারকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

















































সূত্র : বাংলাদেশ জার্নাল

ads
ads
ads

Our Facebook Page